জমি দখল করে গড়ে ওঠা আওয়ামী লীগের কার্যালয় দীর্ঘ ১৯ বছর পর উচ্ছেদ করা হয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের এ অফিস গত শনিবার উচ্ছেদ করা হয়।
জানা যায়, শনিবার দিনব্যাপী রৌমারীর সদর ইউনিয়নের টিএনটি পাড়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের অফিস ও কয়েকটি দোকানঘর উচ্ছেদ করা হয়। উচ্ছেদ শেষে জায়গার দখল প্রকৃত মালিকদের বুঝিয়ে দেয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, বিগত ১৯ বছর আগে টিএনটি পাড়া এলাকায় মাফুজাল ইসলামের মালিকানাধীন ১৫ শতক জমি স্থানীয় রাবেয়া, মজিবুর ও মমিন উদ্দিন দখল করেন। পরে সেখানে দোকানঘর নির্মাণ করা হয় এবং জমির দখল ধরে রাখতে সেখানে রৌমারী উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় স্থাপন করা হয়।পরে দখলকৃত জমি ফেরত পেতে ২০০৭ সালে জমির মালিকরা কুড়িগ্রাম জেলা জজ আদালতে মামলা করেন। দীর্ঘ আইনি লড়াই করে কুড়িগ্রাম আদালতের সিনিয়র সিভিল সহকারী জজ মো: ফিরোজ কবির প্রকৃত মালিকদের পক্ষে রায় ঘোষণা করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম আদালতের নাজির মো. গোলাম রহমান এবং কোর্ট পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ময়নুল হকের উপস্থিতিতে দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা হয় এবং জমির দখল মালিক মাফুজাল ইসলাম ও তার ওয়ারিশদের কাছে জায়গা হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় অলি আহমেদ, বকুল মিয়া, করিয়উল ও মোকছেদুল জানান, দীর্ঘ ১৯ বছরের আইনি লড়াই শেষে তারা পৈতৃক জমি ফিরে পেয়েছেন।
এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, আদালত কমিশনের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে এবং কোর্টের প্রতিনিধিরা প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেন।

