চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড করে বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিয়েছিলেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। সেই ধারাবাহিকতায় ভারতীয় কিংবদন্তির আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেট।
অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাসগড়া বিশ্বকাপের বড় কারিগর বেনেট। সব মিলিয়ে এই টুর্নামেন্টে তিনি করেছেন ২৯২ রান। তার গড় প্রায় অবিশ্বাস্য, ১৪৬.০০। টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে অন্তত ১০০ রান করা ব্যাটারদের মধ্যে এটিই সর্বোচ্চ গড়ের রেকর্ড।
এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন কোহলি। এক দশক আগে ভারতের মাঠেই হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ইনিংসে ১৩৬.৫০ গড়ে ২৭৩ রান করেছিলেন আধুনিক ক্রিকেটের এই ব্যাটিং গ্রেট। সেবার ৩ ইনিংসে অপরাজিত থাকায় এমন অবিশ্বাস্য ছিল তার গড়। এবার বেনেটের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।
টুর্নামেন্টের ছয় ইনিংসের ৪টিতেই অপরাজিত ছিলেন জিম্বাবুয়ে ওপেনার। তাই প্রায় দেড়শর কাছাকাছি পৌঁছে গেছে তার ব্যাটিং গড়। প্রথম রাউন্ডের তিন ম্যাচে তাকে আউটই করতে পারেনি ওমান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ওমানের বিপক্ষে ৪৮, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।
তবে সুপার এইটের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ রান করে আউট হন বেনেট। পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে তিনি খেলেন ৯৭ রানের অপরাজিত ইনিংস। আর আজ শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আউট হয়েছেন ১৫ রান করে। পুরো টুর্নামেন্টে দুবার মাত্র আউট হওয়ায় তার সার্বিক গড় দাঁড়ায় ১৪৬.০০। যা ভেঙে দিয়েছে কোহলির রেকর্ড।
অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির এমন অতিমানবীয় গড় ছিল আরও দুই আসরেও। ২০১৪ সালে ৬ ইনিংসে ১০৬.৩৩ গড়ে ৩১৯ রান করেন ভারতের সাবেক অধিনায়ক। আর ২০২২ সালে ৬ ইনিংসে ৯৮.৩৩ গড়ে তিনি করেছিলেন ২৯৬ রান।

