পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ায় ২৫০টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে জেলা যুবদল। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার সকালে শহরের নবাববাড়ি এলাকায় দলীয় কার্যালয়ে কর্মসূচিটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু হাসান। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।
রেজাউল করিম বাদশা বলেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই তারেক রহমান দেশব্যাপী নানা মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছেন। তিনি বরাবরই সুবিধাবঞ্চিত মানুষের কাছে ভরসা ও আস্থার নাম। তার নেতৃত্বেই ধীরে ধীরে মানবিক, সাম্য ও ইতিবাচক নতুন বাংলাদেশ গড়ে উঠবে। এ সময় মানবিক কর্মসূচি বাস্তবায়ন করায় তিনি বগুড়া জেলা যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রথম ধাপে আড়াইশো পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে রয়েছে ১ কেজি আতপ চাল, ডাল, ছোলা বুট, লাচ্ছা, চিনি, তেল, লবণ, গুঁড়াদুধ, মশলা, আলু, পিঁয়াজ, মুড়ি, সাবানসহ প্রায় ১৪ প্রকারের সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, জেলা যুবদলের সহ-সভাপতি- সবুজ দেওয়ান, যুগ্ম-সম্পাদক রাশেদুল কবির রাশেদ, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলুসহ অনেকে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন শহর যুবদলের সদস্য ও ব্যবসায়ী সুজিত জয়সোয়াল।

