ইউরোপিয়ান ফুটবলে রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) লিগে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে রাত ৯টায় ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে তারা।
বর্তমানে বার্সা ৬১ পয়েন্ট নিয়ে টেবিল টপার থাকলেও স্বস্তিতে নেই তারা। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘সত্যি বলতে, বার্সেলোনার কোচের দ্বায়িত্ব পালন করা অনেক সৌভাগ্যের। আমাদের অনেক দারুণ তরুণ ফুটবলার আছে, যাদের অনেকেই লা মাসিয়া একাডেমি থেকে উঠে এসেছে। আমি আগেও বলেছি, এই দলটার সঙ্গে কাজ করতে অনেক ভালোবাসি।’
এদিন পৃথক ম্যাচে মাঠে নামবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। এছাড়াও মাঠে মাতাবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও। সিরি আয় ইন্টারের প্রতিপক্ষ জেনোয়া, ভিন্ন ম্যাচে নামবে ভেরোনা-নাপোলি। বুন্দেসলিগায় ইদুনা পার্কে ডর্টমুন্ড-বায়ার্ন হাইভোল্টেজ লড়াই।
প্রিমিয়ার লিগে টেবিল টপার আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর লড়াইয়ে সিটিজেনদের প্রতিপক্ষ লিডস। তবে ম্যাচের আগে পেপ গার্দিওলাকে বেশি কথা বলতে হলো চ্যাম্পিয়নস লিগ নিয়ে। গত ৫ আসরের ধারাবাহিকতায় আরও একবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার অপেক্ষায় সিটি বস।
গার্দিওলার ভাষ্য, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, ক্লাব হিসেবে আপনি যত শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলবেন সেখান থেকে আপনার শেখার ও উন্নতির সুযোগ থাকবে। ভবিষ্যতে আরও ভালো করতে যা বেশ কার্যকর।’
একদিকে লিগে গুরুত্বপূর্ণ সব ম্যাচ। অন্যদিকে চলছে পবিত্র রমজান। স্কোয়াডে ওমর মারমৌস, রায়ান চেরকি, রায়ান নৌরি, ও আব্দুকদির খুশনভের মতো মুসলিম ফুটবলার থাকলেও একাদশ বা পারফরমেন্সে তার প্রভাব পড়বে না বিশ্বাস গার্দিওলার।
জয়ের ধারায় থাকায় চ্যালেঞ্জ লিভারপুলের। একই সঙ্গে ডিসেম্বরের পর লিগে হ্যাটট্রিক জয়ের হাতছানি চ্যাম্পিয়নদের। ঘরের মাঠে অবশ্য ওয়েস্ট হ্যামের বিপক্ষে দারুণ ফর্মে থাকা ফ্লোরিয়ান ভির্টজকে মিস করবে অলরেড। লা লিগায় হ্যান্সি ফ্লিকের শততম ম্যাচে নামবে বার্সেলোনা।
রাতের সবচেয়ে বড় ম্যাচ বুন্দেসলিগায়। মৌসুমের দ্বিতীয় জার্মান ক্ল্যাসিকোয় মুখোমুখি বায়ার্ন-ডর্টমুন্ড। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে আরও একটা লিগ শিরোপার পথে এগিয়ে যাওয়ার হাতছানি বাভারিয়ানদের। আর তাদের হারিয়ে সেই রেসে টিকে থাকার চ্যালেঞ্জ দ্যা ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর।
সাম্প্রতিক ফর্ম বা পরিসংখ্যান সব বিচারেই এগিয়ে বায়ার্ন। তবে ঘরের মাঠ বলে আত্মবিশ্বাসী ডর্টমুন্ড। সিগনাল ইদুনা পার্কে সবশেষ ১৬ ম্যাচে হারেনি স্বাগতিকরা। দুর্দান্ত ফর্মে থাকা ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা অবশ্য অ্যাওয়ে ম্যাচে সবশেষ হেরেছিলো ১৫ মাস আগে।

