পেশাদার ফুটবলে দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে অসাধারণ এক কীর্তি গড়েছেন জেমস মিলনার। প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন এককভাবে তার।
লিগেব্রেন্টফোর্ডের মাঠে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের শুরুর একাদশে সুযোগ পান মিলনার। আর মাঠে নেমেই রেকর্ডটি গড়ে ফেলেন তিনি। ইংল্যান্ডের শীর্ষ লিগে ৪০ বছর বয়সী এই ফুটবলারের এটি ৬৫৪তম গোল। এতদিন ইংল্যান্ডের সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার গ্যারেথ ব্যারির সঙ্গে ৬৫৩ ম্যাচ খেলে রেকর্ডটির যৌথ মালিক ছিলেন মিলনার।
২০০২ সালে ১৬ বছর বয়সে লিডস ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হয় মিলনারের। ক্যারিয়ারের সেরা সময় তিনি কাটিয়েছেন ম্যানচেস্টার সিটি ও লিভারপুলে। এছাড়া নিউক্যাসল ইউনাইটেড ও অ্যাস্টন ভিলার জার্সিতেও খেলেছেন মাঝমাঠের পাশাপাশি রক্ষণেও খেলতে পারদর্শী এই ফুটবলার।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৬১ ম্যাচ খেলা মিলনার গত জুনে ব্রাইটনের সঙ্গে এক বছরের চুক্তির মেয়াদ বাড়ান। চলতি মৌসুমে তিনি দলটির হয়ে লিগে ১৫ ম্যাচ খেলেছেন।

