তরমুজ চাষে লক্ষ্যমাত্রা ছাড়াল কলাপাড়া, ঈদ বাজার ধরতে ব্যস্ত চাষিরা

0
তরমুজ চাষে লক্ষ্যমাত্রা ছাড়াল কলাপাড়া, ঈদ বাজার ধরতে ব্যস্ত চাষিরা

পটুয়াখালীর কলাপাড়ায় বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সবুজ লতার সমারোহ। লতার ফাঁকে ফাঁকে ঝুলছে ছোট-বড় তরমুজ। কোথাও গোল, কোথাও লম্বাটে। প্রতিটি গাছে ফল ধরায় খুশি চাষিরা। শেষ সময়ের সেচ, আগাছা পরিষ্কার ও পরিচর্যায় ব্যস্ত পুরুষের পাশাপাশি নারীরাও।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরলে এমন দৃশ্যই চোখে পড়ে। কৃষকদের আশা, ঈদ সামনে রেখে বাজারে ভালো দাম মিলবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর কলাপাড়ায় ৪ হাজার ২০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৪ হাজার হেক্টর। অর্থাৎ নির্ধারিত লক্ষ্যের চেয়ে ২০০ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। এ চাষের সঙ্গে ১৫০০ থেকে ২০০০ কৃষক সরাসরি যুক্ত। তবে স্থানীয় কৃষকদের দাবি, বেসরকারি হিসাবে আবাদি জমির পরিমাণ আরও বেশি।

গত কয়েক বছরে তরমুজ চাষে লাভ হওয়ায় এবার অনেকেই তরমুজ চাষে ঝুঁকেছেন। অনেকে আবার বেশি দামে জমি লিজ নিয়ে আবাদ করেছেন। এতে উৎপাদন ব্যয় বেড়েছে বলে জানান চাষিরা। তবু ভালো ফলন ও সম্ভাব্য বাজারদামের ওপর ভরসা রাখছেন তারা। কৃষি বিভাগ বলছে, সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে উপকূলীয় এ অঞ্চলে তরমুজ চাষে ইতিবাচক পরিবর্তন এসেছে।

টিয়াখালী ইউনিয়নের লোন্দা গ্রামের কৃষক পান্নু মোল্লা জানান, গত বছর তরমুজ চাষ করে লাভবান হয়েছেন। তাই এ বছর তিনি ১৫০০ শতাংশ জমিতে আবাদ করেছেন। তার খেতে বাম্পার ফলন হয়েছে। কয়েক দিনের মধ্যেই তরমুজ কেটে বাজারে তুলবেন।

একই এলাকার মাসুম বিল্লাহ বলেন, তিনি ড্রাগন, বেঙ্গল ও কিং সুপার জাতের তরমুজ চাষ করেছেন। ১ হাজার ৬৫ শতাংশ জমিতে তার আবাদ। প্রতিটি গাছে ছোট-বড় ফল ধরেছে। বাজারে ভালো দাম পাবেন বলে আশা করছেন।

ধানখালী গ্রামের মো. খোকন গাজী জানান, তিনি ৩২ একর জমিতে তরমুজ চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় ৭০ থেকে ৮০ লাখ টাকা বিক্রির প্রত্যাশা করছেন।

কৃষক জাকির হোসেন বলেন, নিজের জমির পাশাপাশি ৪৮০ শতাংশ জমি এক মৌসুমের জন্য লিজ নিয়ে তরমুজ আবাদ করেছেন। উৎপাদন খরচ বেশি হলেও লাভের আশা করছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে তরমুজ চাষ হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজার স্থিতিশীল থাকলে চাষিরা লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here