সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না ৭ কোটি টাকার সেতু

0
সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না ৭ কোটি টাকার সেতু

চাঁপাইনবাবগঞ্জে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজ সম্পন্ন না হওয়ায় সেতুটি কোনো কাজে আসছে না। প্রায় দেড় বছর ধরে ক্ষেতের মধ্যে পড়ে রয়েছে সেতুর মূল অবকাঠামো।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষ। সেতুটির কাজ সম্পূর্ণ না হওয়ায় ঘুরতে হচ্ছে ১০ কিলোমিটার। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, দ্রুততম সময়ের মধ্যে সেতুটির কাজ সম্পূর্ণ করা হবে। 

সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ ফসলি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে সেতুর মূল অবকাঠামো। আর সেতুর নিচ দিয়ে চলাচল করছে মানুষসহ বিভিন্ন যানবাহন। প্রায় দেড় বছর ধরে সেতু থাকলেও কাজে আসছে না পথচারীদের। এদিকে সামান্য বৃষ্টি ও জলাবদ্ধতা হলেই সেতুর নিচ দিয়েও চলাচল করা যায় না। এতে করে বাধ্য হয়েই ৬০ মিটার সেতুর জন্য ঘুরে আসতে হয় ১০ কিলোমিটার পথ। 

তথ্যানুসন্ধানে জানা গেছে, ৬ কোটি ৯০ লাখ ৯২ হাজার ৩৪৩ টাকা ব্যয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচরার খালের ওপর ৬০ মিটার সেতুর কাজ শুরু হয়। তবে সংযোগ সড়কের জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় জমির মালিকরা জমি ছাড়ছেন না। ফলে গত দেড় বছর ধরে সেতুটির কাজ অসম্পন্ন রেখেই চলে গেছে ঠিকাদার। এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সদর উপজেলার শাহজাহানপুর, আলাতুলী ও চরবাগডাঙ্গা ইউনিয়নের হাজার হাজার মানুষ। 

এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার সেলিম রেজা জানান, জমি অধিগ্রহণের টাকা না পেয়ে স্থানীয়দের বাধায় কাজ বন্ধ রাখা হয়েছে। 

এদিকে, এলজিইডি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী আজহারুল ইসলাম বলেন, দ্রুততম সময়ের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পূর্ণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here