গাজীপুরের জয়দেবপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১ ও ১৩ এর যৌথ অভিযানে কুড়িগ্রাম জেলার উলিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১, গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল।
গ্রেফতারকৃত মাসুদ রানা (৩৮) কুড়িগ্রাম জেলার উলিপুর থানার অনন্তপুর গ্রামের ওমর মুন্সির ছেলে। সে গাজীপুরের জয়দেবপুর থানার তালতলী এলাকায় ভাড়া বাসায় থাকত।
র্যাব সূত্রে জানা যায়, গত বুধবার ভোর ৬টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুর থানার বিকেবাড়ি এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত রিশমা খাতুন (৩০) প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে যাওয়ার পথে অভিযুক্ত মাসুদ রানা তার ওপর হামলা চালান।
র্যাব সূত্রে আরও জানা গেছে, মাসুদ রানা তার তালাকপ্রাপ্ত স্ত্রী রিশমা খাতুনকে (৩০) পুনরায় বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে পিঠে আঘাত করেন। এতে রিশমা গুরুতর আহত হন।
স্থানীয়রা ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পর নিহতের বাবা মো. আব্দুল হাকিম জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত পালিয়ে আত্মগোপনে চলে যায়।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মাসুদ রানা কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দুর্গম চরাঞ্চলে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে র্যাব-১ ও র্যাব-১৩ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে উলিপুর থানার বুড়াবুড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

