টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন অভিশেক শার্মা। চার ম্যাচে মাত্র ১৫ রান, যার মধ্যে প্রথম তিন ম্যাচেই শূন্য। এমন পারফরম্যান্সে চাপে পড়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট। তবে দল এখনও আস্থা হারায়নি এই বাঁহাতি ওপেনারের ওপর। অন্যদিকে, সাবেক ভারতীয় ওপেনার ভিরেন্দার শেবাগ মনে করছেন, গুরুত্বপূর্ণ ম্যাচে পরিবর্তন আনা জরুরি।
সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর ভারতের সেমিফাইনালে ওঠার সমীকরণ জটিল হয়ে গেছে। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে বাচা-মরার ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ে ফর্ম বিবেচনায় একাদশ সাজানোর পক্ষে মত দিয়েছেন শেবাগ। তার বক্তব্য, সুযোগ থাকতেই অভিশেককে বিশ্রাম দিয়ে সাঞ্জু স্যামসনকে দলে ফেরানো উচিত।
ক্রিকবাজে আলোচনায় শেবাগ বলেন, ‘আমি টিম ম্যানেজমেন্টে থাকলে অভিশেককে বিরতি দিতাম এবং তার জায়গায় সাঞ্জুকে খেলাতাম। ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। তাই সেরা ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়েই একাদশ গড়া উচিত।’
চলতি বিশ্বকাপে স্যামসন এখন পর্যন্ত একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। নামিবিয়ার বিপক্ষে সুযোগ পেয়ে ৮ বলে ২২ রান করেন তিনি, যেখানে ছিল তিনটি ছক্কা ও একটি চার। তার আক্রমণাত্মক মানসিকতা নতুন করে আলোচনায় এসেছে।
ভারতের টপ অর্ডারে তিন বাঁহাতি ব্যাটসম্যান থাকা নিয়েও প্রশ্ন উঠছে। ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও ইঙ্গিত দিয়েছেন পরিবর্তনের সম্ভাবনার দিকে। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে স্যামসনের ফেরার সম্ভাবনা জোরালো হচ্ছে।
স্টার স্পোর্টসে আলোচনায় সাবেক লেগ স্পিনার পিযুশ চাওলাও মনে করছেন, স্যামসন একাদশে ফিরতে পারেন। তার মতে, অনুশীলনে স্যামসনের উইকেটকিপিং করাই পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে দল পরিবর্তনের কথা ভাবছে।
তবে অভিশেককে বাদ দেওয়ার পক্ষে নন চাওলা। গত দেড় বছরে তার ধারাবাহিক পারফরম্যান্সের কথা তুলে ধরে তিনি বলেন, ‘অভিশেক যদি ২৫-৩০ বল খেলতে পারে, একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’ চাওলার মতে, স্যামসনকে জায়গা দিতে হলে হয়তো একাদশ থেকে বাদ পড়তে পারেন রিঙ্কু সিং।

