বিশ্বকাপ থেকে বিদায়ের পর সরকারের হস্তক্ষেপ চাইলেন লঙ্কান অধিনায়ক

0
বিশ্বকাপ থেকে বিদায়ের পর সরকারের হস্তক্ষেপ চাইলেন লঙ্কান অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে ছিটকে গিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন দাসুন শানাকা। তবে এই হারের জন্য তাঁর দলকে যে ভাবে সমালোচিত হতে হচ্ছে, সেটা আর নিতে পারছেন না শ্রীলঙ্কার অধিনায়ক। এ জন্য তিনি তাঁর দেশের সরকারের হস্তক্ষেপ চেয়েছেন।

বুধবার সুপার এইটের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হারার পর শানাকা বলেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা আমরা জিততে পারতাম। একটু সচেতন হলেই জিতে যেতাম। নিউজিল্যান্ড ম্যাচটা ছিল একপেশে। দর্শকদের উদ্দেশে আমার কিছু বলার নেই। আমরা ওদের খুশি করতে পারিনি। জয় উপহার দিতে পারিনি।’

ক্ষমা চাওয়ার পরও হারের জন্য সমালোচকদেরই দায়ী করেছেন শানাকা। ‘বাইরে থেকে তৈরি হওয়া নেতিবাচক পরিবেশ’-কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। ম্যাচের পর বলেন, ‘খেলোয়াড় হিসেবে বাইরের শোরগোল নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে খুব কঠিন। অধিকাংশ সময় আমরা শুধু নেতিবাচক কথাই শুনি। ফলে আমরা নিজেরা কতটা ইতিবাচক থাকলাম সেটা বড় কথা নয়, বাইরে থেকে একটা নেতিবাচক পরিবেশ তৈরি করে রাখা হয়।’

তিনি আরও বলেন, ‘এটা শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য বড় প্রতিকূলতা। আমাদের খেলা বলতে তো শুধু এটাই (ক্রিকেট) রয়েছে। আমার মনে হয় না এটাকে আর বাঁচানো সম্ভব। কেন এত নেতিবাচকতা ছড়ানো হচ্ছে? ঠিক আছে আমরা বিশ্বকাপ হেরেছি। আমরা তার কারণগুলোও জানি এবং আমাদের সকলেরই দুশ্চিন্তা রয়েছে।’

এরপরেই শানাকার নজিরবিহীন অনুরোধ। তিনি বলেন, ‘আমরা হয়তো এক দিন খেলা ছেড়ে চলে যাব। কিন্তু অন্তত পরবর্তী প্রজন্মের কথা ভেবে যদি সরকার হস্তক্ষেপ করে এবং এ সব সমালোচনা বন্ধ করতে পারে, তবেই হবে।’

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার মতো দলকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। তারপর দলের এই অধঃপতনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অধিনায়ক দেশের উইকেটেরও সমালোচনা করেন। তিনি বলেন, উইকেট তাঁর প্রত্যাশা অনুযায়ী আচরণ করেনি। শানাকার দাবি, ‘প্রতিযোগিতা শুরুর আগে আমি বলেছিলাম যে, আশা করছি ভাল উইকেট পাব। সত্যি বলতে, যা হয়েছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। কেউ ব্যর্থ হওয়ার জন্য মাঠে নামে না। সবাই ভাল খেলা এবং দেশকে জেতানোর লক্ষ্য নিয়েই নামে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here