চীনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ, মার্কিন এলিট পাইলট গ্রেফতার

0
চীনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ, মার্কিন এলিট পাইলট গ্রেফতার

মার্কিন বিমান বাহিনীর সাবেক পাইলটের বিরুদ্ধে নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে চীনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গতকাল বুধবার গ্যারাল্ড রানার ব্রাউন নামের ৬৫ বছর বয়সী ওই সাবেক মেজরকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে গ্রেফতার করেছে।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, সরকারের কোনো ধরনের অনুমতি বা লাইসেন্স ছাড়াই তিনি চীনা সামরিক পাইলটদের অত্যাধুনিক যুদ্ধবিমান চালনার কৌশল শিখিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইনের (এইসিএ) সরাসরি লঙ্ঘন।

দীর্ঘ ২৪ বছরের সামরিক ক্যারিয়ারে গ্যারাল্ড ব্রাউন এফ-৩৫ লাইটনিং টু’র মতো স্পর্শকাতর যুদ্ধবিমানের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। এছাড়াও তার ঝুলিতে এফ-১৫ ঈগল, এফ-১৬ এবং এ-টেন থান্ডারবোল্টের মতো শক্তিশালী বিমান চালানোর বিশাল অভিজ্ঞতা রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং বিচার বিভাগের কর্মকর্তাদের মতে, ব্রাউন তার শপথ ভঙ্গ করে দেশের সামরিক শ্রেষ্ঠত্বকে ঝুঁকির মুখে ফেলেছেন। বিশেষ করে অবসরে যাওয়ার পর একটি বাণিজ্যিক কার্গো বিমানে কর্মরত অবস্থায় তিনি অত্যন্ত গোপনে চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

ওয়াশিংটন ডিসির মার্কিন অ্যাটর্নি জিনিন ফেরিস পিরো এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি জানান, চীন ক্রমাগত সাবেক ও বর্তমান মার্কিন সেনাসদস্যদের দক্ষতা ব্যবহার করে তাদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার চেষ্টা চালাচ্ছে। এই গ্রেফতারি পরোয়ানা সেসব ব্যক্তিদের জন্য একটি কঠোর বার্তা যারা ব্যক্তিগত মুনাফার জন্য জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে শত্রুপক্ষকে সহায়তা করছে। ব্রাউনকে আজ বৃহস্পতিবার ইন্ডিয়ানার একটি আদালতে হাজির করার কথা রয়েছে। দোষী প্রমাণিত হলে তাকে দীর্ঘ মেয়াদী কারাদণ্ডসহ চড়া মাশুল গুনতে হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here