তারেক রহমান আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চান: এস এম জিলানী

0
তারেক রহমান আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চান: এস এম জিলানী

গোপালগঞ্জ ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, দেশপ্রেমকে কাজে লাগিয়ে দেশ নায়ক তারেক রহমান আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান।

বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, তারেক রহমান প্রতিদিন সকাল ৯টায় দপ্তরে উপস্থিত হন এবং দেশ পরিচালনায় সক্রিয়ভাবে কাজ করছেন। সরকারি কর্মকর্তাদেরও একই নিষ্ঠা ও সময়ানুবর্তিতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এস এম জিলানী বলেন, গোপালগঞ্জের তিনটি আসনই এখন জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্বে রয়েছে। ফলে উন্নয়নের সব সুযোগ কাজে লাগানো হবে এবং জেলার মানুষকে আর কোনো ক্ষেত্রেই বঞ্চিত হতে দেওয়া হবে না। ইতোমধ্যে গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে তারেক রহমানের সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

কোটালীপাড়ার উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার ও পানি সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে। কোটালীপাড়ায় প্রায় ৬০০ কিলোমিটার খাল খননের কাজ বাস্তবায়নের পথে রয়েছে, যা আগামী জুন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কাজে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।

সভা শেষে সংসদ সদস্য এস এম জিলানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কুমার মৃদুল দাসের সঙ্গে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের শূন্যপদসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here