মহেশখালীতে ডাকাত দলের সর্দারসহ আটক ৯, চার জেলে উদ্ধার

0
মহেশখালীতে ডাকাত দলের সর্দারসহ আটক ৯, চার জেলে উদ্ধার

কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী প্রধান ও তার ৮ সহযোগী আটক এবং জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টায় কক্সবাজারের মহেশখালী থানাধীন সোনাদিয়া চর-সংলগ্ন এলাকায় ‌‘এফ বি মায়ের দোয়া-৩’ নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে বিষয়টি কোস্টগার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্টগার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী কর্তৃক উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল ১টি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল বোটটিকে থামানোর উদ্দেশ্যে ৫ রাউন্ড ফাঁকা গোলা ফায়ার করে এবং ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।   

পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী প্রধান জাহাঙ্গীর (২৮) ও তার ৪ সহযোগীকে আটক করা হয়। এ সময় ডাকাতের কাছে জিম্মি থাকা বোটসহ ২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

আটক ডাকাতদের তথ্যের ভিত্তিতে, কক্সবাজারের লাবনী পয়েন্টে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর বাহিনীর অন্য ৪ ডাকাত সদস্যকে আটক ও জিম্মি থাকা আরও ২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত জিম্মি থাকা জেলে ও বোট এবং জব্দকৃত আলামত ও আটক ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়া চলমান রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here