প্রথমবার তিনে নেমেই ব্রুকের সেঞ্চুরি, মাস্টারমাইন্ড ম্যাককালাম

0
প্রথমবার তিনে নেমেই ব্রুকের সেঞ্চুরি, মাস্টারমাইন্ড ম্যাককালাম

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে তিন নম্বরে ব্যাট করার আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও মাইক আথারটন ধারাভাষ্যে বারবার বলছিলেন, এই সংস্করণে তিন নম্বরই হওয়া উচিত হ্যারি ব্রুকের নিয়মিত পজিশন। সেই আলোচনা সত্যি প্রমাণ করেই প্রথমবার তিনে নেমে সেঞ্চুরি হাঁকালেন ইংল্যান্ড অধিনায়ক।

ম্যাচ শেষে ব্রুক জানালেন, তাকে তিন নম্বরে নামানোর সিদ্ধান্তটি নিয়েছেন প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম বলেই ফিল সল্ট আউট হলে ক্রিজে নামেন ব্রুক। পাওয়ার প্লেতেই ফিরে যান জস বাটলার ও জেকব বেথেল। পরে টম ব্যান্টন আউট হলে অষ্টম ওভারে ইংল্যান্ডের রান দাঁড়ায় ৪ উইকেটে ৫৮। সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ব্রুক।

৬০ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার তিন নম্বরে নেমে ১০ চার ও ৪ ছক্কায় ৫১ বলে করেন ১০০ রান। তার দুর্দান্ত ইনিংসে দারুণ জয় তুলে নিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড।

এই ইনিংসে একাধিক রেকর্ড গড়েন ব্রুক। বিশ্বকাপে কোনো ইংল্যান্ড অধিনায়কের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি এবং অধিনায়ক হিসেবে তার নিজের প্রথম বিশ্বকাপ শতরান।

ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে মাইক আথারটনের প্রশ্নের জবাবে ব্রুক বলেন,’আজ সকালে বাজ (ম্যাককালাম) সিদ্ধান্ত নিয়েছে। এর পেছনে মাস্টারমাইন্ড তিনিই। কাজ নাও করতে পারত, কিন্তু সৌভাগ্যবশত আজ কাজে লেগেছে।’

তিনি জানান, ‘পাওয়ার প্লে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্য থেকেই এই পরিকল্পনা। আমি খেলাটাকে সামনে এগিয়ে নিতে ভালোবাসি। শুরু থেকেই ইতিবাচক মানসিকতা নিয়ে নেমেছিলাম।’

পাকিস্তানের বিপক্ষে ব্রুকের রেকর্ড বরাবরই উজ্জ্বল। টেস্টে ৬ ম্যাচে করেছেন ৪ সেঞ্চুরি, যার মধ্যে রয়েছে একটি ট্রিপল সেঞ্চুরি। টি-টোয়েন্টিতেও আগের ১০ ম্যাচে তার গড় ছিল ৫৫-এর বেশি, স্ট্রাইক রেট ১৫০-এর ওপর।

ব্রুক আরও জানান, তিন নম্বরে ব্যাট করার ভাবনাটি তার নিজের মধ্যেও ছিল। ভবিষ্যতে ইংল্যান্ড ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—দুই জায়গাতেই এই পজিশনে থিতু হতে চান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here