জন্মদিনে হার্ট অ্যাটাকের গুঞ্জন উড়িয়ে দিলেন সঞ্জয় লীলা বনশালি

0
জন্মদিনে হার্ট অ্যাটাকের গুঞ্জন উড়িয়ে দিলেন সঞ্জয় লীলা বনশালি

গতকাল ২৪ ফেব্রুয়ারি ছিল বলিউডের প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালির ৬৩তম জন্মদিন। কিন্তু বিশেষ এই দিনটিতেই সোশ্যাল মিডিয়ায় আচমকা ছড়িয়ে পড়ে এক উদ্বেগজনক খবর। রটে যায় যে, হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছেন ‘পদ্মাবত’ খ্যাত এই পরিচালক। মুহূর্তের মধ্যে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লে ভক্তমহলে দুশ্চিন্তার সৃষ্টি হয়। তবে সেই জল্পনায় জল ঢেলে এবার মুখ খুলল পরিচালকের টিম।

বনশালির ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, হার্ট অ্যাটাকের খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন। 

বিবৃতিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, পরিচালক কেবল একটি রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন, যা তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ। কোনো প্রকার যাচাই না করে এই ধরনের বিভ্রান্তিকর খবর ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংবাদমাধ্যম ও অনুগামীদের অনুরোধ জানিয়েছে তার টিম।

বর্তমানে সঞ্জয় লীলা বনশালি তার পরবর্তী ড্রামা ফিল্ম ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে। ‘সাওয়ারিয়া’র দীর্ঘ সময় পর রণবীর কাপুর ফের বনশালির নির্দেশনায় কাজ করছেন। ছবিতে রণবীর ও ভিকিকে বিমানবাহিনীর অফিসারের ভূমিকায় দেখা যাবে। 

ছবির মুক্তি নিয়ে দেরি হওয়া প্রসঙ্গে সম্প্রতি এক লাইভ সেশনে রণবীর জানিয়েছেন, ভালো কাজ তৈরি করতে কিছুটা সময় লাগে এবং তিনি এই প্রজেক্টের জন্য কঠোর পরিশ্রম করছেন। ‌‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র সাফল্যের পর আলিয়ার সঙ্গেও এটি বনশালির দ্বিতীয় কাজ হতে চলেছে।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here