৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় যেসব প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন হবে তাদের আবেদন করা অনুরোধ করা হয়েছে।
বুধবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘আগামী ৯ এপ্রিল থেকে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় যেসকল প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন তাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন হতে শ্রুতিলেখক নিয়োগ করা হবে। শ্রুতিলেখকের চাহিদা জানিয়ে সংশ্লিষ্ট প্রতিবন্ধী প্রার্থীদের আগামী ১০ মার্চ অফিস চলাকালীন সময়ের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:
ক. অনলাইন আবেদনপত্রের (BPSC Form-1) কপি;
খ. প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
গ. প্রতিবন্ধিতার স্বপক্ষে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদত্ত সনদ/ সুবর্ণ নাগরিক সনদ;
ঘ. সংশ্লিষ্ট প্রতিবন্ধিতার বিষয়ে বিশেষায়িত চিকিৎসকের প্রত্যয়নপত্র (যেমন: দৃষ্টি প্রতিবন্ধিতার ক্ষেত্রে চক্ষু চিকিৎসক, শ্রবণ প্রতিবন্ধীর ক্ষেত্রে ইএনটি বিশেষজ্ঞ, বুদ্ধপ্রতিবন্ধীর জন্য নিউরোলজিস্ট) বা প্রতিবন্ধিতার স্বপক্ষে প্রদত্ত ডাক্তারী প্রত্যয়নপত্র;
২.০ বিশেষভাবে উল্লেখ্য, বর্ণিত কাগজপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে (১০.০৩.২০২৬) শ্রুতিলেখকের চাহিদা উল্লেখ করে আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা সম্ভব হবে না।
৩.০ শ্রুতিলেখকের জন্য আবেদনকারীকে কেবল বাংলাদেশ সরকারি কর্মকমিশন হতে অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে ১০ ফেব্রুয়ারি ফল ঘোষণা করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিলেন ১২ হাজার ৩৮৫ জন।
বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি পদে ও ননক্যাডারের ৩৯৫টি পদসহ মোট ২ হাজার ১৫০ পদে পদে নিয়োগে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি গত ২৬ নভেম্বর প্রকাশ করে পিএসসি। ৪ ডিসেম্বর থেকে এ বিসিএসের আবেদন শুরু হয়ে চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্যে ৬৫০ জন ও প্রশাসনে ২০০ জন নিয়োগ দেবে সরকার। তৃতীয় অবস্থানে শিক্ষা ক্যাডারে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

