সেমিফাইনাল খেলতে যে সমীকরণে ভারত-পাকিস্তান

0
সেমিফাইনাল খেলতে যে সমীকরণে ভারত-পাকিস্তান

আইসিসির যেকোনো টুর্নামেন্ট এলেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা থাকে তুঙ্গে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার ব্যতিক্রম হয়নি। মাঠের লড়াইয়ের বাইরে এবার বাড়তি আলোচনায় জায়গা করে নিয়েছে দুই দলের সেমিফাইনালে ওঠার সমীকরণ। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই পর্বে এসে দুই চিরপ্রতিদ্বন্দ্বীই পড়েছে চাপে, দু’দলই এখন খাদের কিনারে।

টুর্নামেন্টের সুপার এইট থেকেই বিদায়ের শঙ্কা জেগেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। সুপার এইট পর্বের ম্যাচ বাকি আছে দুই দলেরই, তবে সেমিতে ওঠার পথে তাদের সামনে নানান সমীকরণ। 

পাকিস্তানের সমীকরণ :

সুপার এইটে গ্রুপ ২-এ থাকা পাকিস্তানের প্রথম ম্যাচটা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে গতকাল পাকিস্তানের ছিল বাঁচা মরার ম্যাচ। কিন্তু সেই গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যারি ব্রুকের দুর্দান্ত ইনিংসে ২ উইকেটে হেরে যায় পাকিস্তান।

ইংল্যান্ডের বিপক্ষে হারের পর ২ ম্যাচ খেলা পাকিস্তানের ১ পয়েন্ট, সঙ্গে নেট রানরেট -০.৪৬১। অন্যদিকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এই গ্রুপ থেকে সেমিতে ওঠার লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে আছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা একটি করে ম্যাচ খেললেও লঙ্কানদের পাশে পয়েন্ট শূন্য, আর বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচের কারণে নিউজিল্যান্ডের পয়েন্ট ১। এই দুই দলেরই এখন দুটি করে ম্যাচ বাকি।

এর মধ্যে নিউজিল্যান্ড যদি পরের দুটি ম্যাচেই (ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে) হেরে বসে, তাহলে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সেমিফাইনালে উঠে যাবে পাকিস্তান। কিন্তু নিউজিল্যান্ড যদি একটা ম্যাচ জেতে, আরেকটা হারে, সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে তো হারাতে হবেই, আবার রানরেটের দিকেও তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে। আর নিউজিল্যান্ড যদি পরের দুটি ম্যাচই জিতে, তাহলে কোনো ধরনের সমীকরণ ছাড়াই বিশ্বকাপ থেকে বিদায় নেবে পাকিস্তান।

এই সমীকরণের ক্ষেত্রে একদিকে যেমন নিউজিল্যান্ডের ওপর তাকিয়ে থাকতে হচ্ছে, অন্যদিকে লঙ্কানদেরও হারাতে হবে পাকিস্তানকে। তবে কাগজে কলমেও পাকিস্তানকে হিসাব মিলাতে হবে। এক্ষেত্রে ভেস্তে যেতে হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের ম্যাচটা। এরপর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে ইংল্যান্ডকে পাকিস্তান ম্যাচের চেয়েও বড় ব্যবধানে জিততে হবে। এরপর শ্রীলঙ্কার সঙ্গে বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। সেক্ষেত্রে সুপার এইট রাউন্ড শেষে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ২, নিউজিল্যান্ডের ৩, পাকিস্তানেরও ৩। ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ডের তুলনায় কম ব্যবধানে হারায় নেট রানরেট বিবেচনায় তখন সেমিফাইনালে ওঠে যাবে পাকিস্তান।

ভারতের সমীকরণ :

সুপার এইটে গ্রুপ ১-এ থাকা ভারত নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে ৭৬ রানের ব্যবধানে হেরেছে। -৩.৮ নেট রানরেটে ভারত আছে তৃতীয় অবস্থানে। এ ই রানরেটে সেমিতে ওঠা কঠিন হয়ে পড়েছে যে, পরের দুটি ম্যাচ জিতলেও সেমিফাইনাল নিশ্চিত নয়। ভারতকে শুধু হাতে থাকা দুটি ম্যাচ জিতলেই হবে না, প্রতিপক্ষকে হারাতে হবে বিশাল ব্যবধানে।

গ্রুপ ১-এর সাউথ আফ্রিকার হাতে এখন দুটি ম্যাচ বাকি। প্রোটিয়ারা যদি ওই দুটি ম্যাচই জিততে পারে, তাহলে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে যাবেন মার্করামরা। সেক্ষেত্রে ভারত পরের দুই ম্যাচ জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই ৪ পয়েন্ট নিয়ে ওঠে যাবে সেমিফাইনালে।

কিন্তু সাউথ আফ্রিকা যদি একটি ম্যাচও হেরে যায়, তাহলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে। সেক্ষেত্রে প্রোটিয়াদের পয়েন্ট হবে ৪, ভারত পরের দুটি ম্যাচ জিতলে পয়েন্টও হবে ৪, এবং ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ের মধ্যে এক দলের ৪ পয়েন্ট হওয়ার সম্ভাবনাও থাকবে। তখন রানরেটে যারা এগিয়ে থাকবে, সেই দুই দলই পেয়ে যাবে শেষ চারের টিকিট। তাই বাকি দুই ম্যাচ জিতেও ভারতকে তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ের দিকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here