দুঃসময় যেন কাটছেই না ভারতের জন্য। আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে তাদের। পরের দুই ম্যাচে বড় ব্যবধানে জয় না পেলে শেষ চারে ওঠা কঠিন হবে।
এর মধ্যেই ভারতীয় শিবিরে এলো নতুন দুঃসংবাদ। মিডল অর্ডার ব্যাটার রিংকু সিং পারিবারিক কারণে দল ছেড়েছেন। তার বাবা খানচাঁদ সিং দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই-এর একটি সূত্র।
কিছু ভারতীয় গণমাধ্যমের দাবি, রিংকুর বাবা বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। খবর পেয়ে দ্রুত বাড়ির উদ্দেশে রওনা দেন এই ব্যাটার।
বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা। তবে রিংকু খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তাকে না পেলে একাদশে সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন বা অক্ষর প্যাটেল।
চলতি বিশ্বকাপে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই রিংকু। পাঁচ ম্যাচে ৬, ১, ১১*, ৬* ও ০ রান করেছেন তিনি।

