সেনবাগে প্রাইভেটকারে লুকানো আট হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার দুই

0
সেনবাগে প্রাইভেটকারে লুকানো আট হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার দুই

নোয়াখালীর সেনবাগে প্রাইভেটকারে কক্সবাজার থেকে আনা ৮ হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৭ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।

তিনি জানান, গতকাল সোমবার রাতে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেবারহাট পূর্ব বাজারের মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন ফেনীর দাগনভূঁঞা উপজেলার উত্তর গনিপুর গ্রামের মো. আমির হোসেন (৪২) ও জয়নারায়নপুর গ্রামের মো. হারুন ভূঁঞা (৪০)।  

অভিযান সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে চেকপোস্টে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। ড্রাইভিং সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় মাদক কারবারি আমির হোসেনের কাছ থেকে ৪ হাজার ৮৪০ পিস ইয়াবা, দুটি স্মার্টফোন এবং নগদ ৬৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে হারুন ভূঁঞার প্যান্টের উরুর সঙ্গে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আরও চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তার কাছ থেকে, একটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইলফোনও পাওয়া যায়। এতে উদ্ধারকৃত মোট ইয়াবার পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৮৪০ পিস। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদক পাচার রোধে যৌথ অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here