কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে নাসরিন বেগম (২৫) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাসরিন বেগম ওই গ্রামের বয়লার মুরগি বিক্রেতা নুর আলমের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা নাসরিনকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তার শয়নকক্ষে খোঁজ নিতে যান। সেখানে তাকে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকে স্বামী নুর আলম পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

