লেবাননের রাজধানী বৈরুত হঠাৎই নতুন করে আলোচনায়। শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসের কিছু কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
কায়রো থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়— জরুরি নয় এমন সরকারি কর্মী এবং তাদের পরিবারকে নিরাপত্তা পরিস্থিতির কারণে চলে যেতে বলা হয়েছে। অর্থাৎ যাদের উপস্থিতি এখন অত্যাবশ্যক নয়, তাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হচ্ছে।
দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘোষণা দেয়। তবে ঠিক কী ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, তা বিস্তারিত জানানো হয়নি। পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা আগের মন্তব্য নিশ্চিত করেন।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতির মধ্যে আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরুর আশা করছে ইরান। এর মধ্য দিয়ে সংঘাত এড়াতে চাইছে দেশটি।

