টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ভরাডুবির পর ভারতের একাদশ নির্বাচন ও কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন।
অক্ষর প্যাটেলকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সিদ্ধান্ত এবং রিংকু সিংয়ের ব্যাটিং পজিশন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই ভারতীয় স্পিনার। তিনি মনে করেন, প্রোটিয়ারা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে কৌশলের দোহাই দিয়ে অক্ষর প্যাটেলকে একাদশে রাখেননি অধিনায়ক সূর্যকুমার যাদব। বাঁহাতি ব্যাটারদের সামলাতে ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হলেও ম্যাচে তিনি মাত্র ২ ওভার বল করার সুযোগ পান। অথচ মার্করামের বিপক্ষে অক্ষরের দারুণ পরিসংখ্যান দেখেও তাকে বসিয়ে রাখার কোনো যৌক্তিকতা দেখেন না অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘আইপিএলের মতো দীর্ঘ টুর্নামেন্টে প্রতিপক্ষ বিবেচনায় দলে পরিবর্তন ঠিক আছে, কিন্তু আইসিসি ইভেন্টে দলের স্থিতিশীলতা জরুরি। অক্ষর প্যাটেল টি-টোয়েন্টিতে দলের অন্যতম সেরা সম্পদ, তাকে এভাবে বসিয়ে রাখা যায় না।’
এ ছাড়া ফিনিশার রিংকু সিংকে ৮ নম্বরে নামানোর কড়া সমালোচনা করেন অশ্বিন। তিনি বলেন, ‘দলে ৮ জন ব্যাটার থাকার পরও রিংকু সিংকে ৮ নম্বরে নামানো মানে সম্পদের অপচয়। ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং সক্ষমতা থাকলেও রিংকুর পজিশন এটা হতে পারে না। প্রস্তুতি ছাড়া খেলতে নামলে কী হয়, দক্ষিণ আফ্রিকা ভারতকে সেই শিক্ষাটাই দিয়ে গেল।’

