বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত দিনাজপুর সদর উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে ঘোষণার লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দিনাজপুর সদর উপজেলা হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর দিনাজপুর এপি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাল্যবিবাহ ও শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ। বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত দিনাজপুর সদর উপজেলা গড়তে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধর্মীয় নেতা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওসমূহ ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে এ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত করা সম্ভব।’
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দিনাজপুর কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
এছাড়া বিভিন্ন ধর্মীয় নেতা ও প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন খ্রিস্টান ধর্মের প্রতিনিধি সিস্টার জোসতিনা খালকো, ফাজিলপুর ইউনিয়নের ধর্মীয় নেতা মো. নুরুল ইসলাম, সুন্দরবন ইউনিয়নের হিন্দু ধর্মীয় নেতা দ্বিজেন্দ্র নাথ রায়, উপজেলা প্রকৌশল দপ্তরের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস এবং স্পন্সরশিপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার পেট্রিক রুরাম।
সভাপতির বক্তব্যে সেবাস্টিয়ান পিউরিফিকেশন বলেন, ‘ধর্মীয় নেতা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সুশীল সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আগামী জুলাই মাসে দিনাজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করার লক্ষ্যে আমরা আজকের সভা থেকে অঙ্গীকার নিয়ে সামনের দিকে এগিয়ে যাব।’

