চাঁদাবাজি, টেন্ডার, মাদক ব্যবসা এবং পণ্যের অবৈধ মজুদ বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর।
রবিবার (২২ ফেব্রুয়ারি) শহর ও হরিণাকুণ্ডু এলাকায় প্রচার মাইকের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
প্রচার মাইকে তিনি বলেন, এখন থেকে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু উপজেলাকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকমুক্ত ঘোষণা করা হলো। কেউ দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত থাকলে স্থানীয় প্রশাসনকে অবহিত করুন।
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি, কৃত্রিম সংকট তৈরি, পণ্য মজুদ ও ভেজাল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এ ধরনের অপরাধে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দেন সংসদ সদস্য।
এর আগে দুপুরে তিনি বিশেষায়িত ২৫ শয্যা শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। হাসপাতালের দুটির ওয়ার্ড, বহির্বিভাগ ও সার্বিক পরিবেশ পরিদর্শন করে রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
এসময় সংসদ সদস্য বলেন, ২৫ শয্যা শিশু হাসপাতালটিতে সময়ে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। শয্যা সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমের সময় জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শিশু হাসপাতালের পরিচালক ডা. ফরিদ হাসান জামিল, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলমগীর হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

