সুপার বোল হাফটাইম শোতে জমজমাট পারফরম্যান্সের পরপরই ভক্তদের আরেকটি সুখবর দিয়েছেন ব্যাড বানি। আর সেটি হল বড় পর্দায় ফিরছেন তিনি। এবার অবশ্য অতিথি চরিত্র বা পার্শ্ব কোনো চরিত্রে নয়, অন্যতম কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে এই পুয়ের্তো রিকান র্যাপারকে।
বিনোদন প্ল্যাটফর্ম ডেডলাইন জানিয়েছে, ‘পোর্তো রিকো’ নামের নতুন এক সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ব্যাড বানি। সিনেমাটির পরিচালনার দায়িত্বে আছেন আরেক গ্র্যামি জয়ী র্যাপার রেনে পেরেস হোগলার, যিনি রেসিদেন্তে নামে পরিচিত। সিনেমার প্রযোজক হিসেবে থাকছেন ‘রেভন্যান্ট’ খ্যাত অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো ইনিয়ারিতু।
ক্যারিবিয়ান অঞ্চলের ঐতিহাসিক কাহিনী নির্ভর এই সিনেমায় আরও আছেন এডওয়ার্ড নর্টন, ভিগো মর্টেনসেন ও হাভিয়ের বারদেমের মতো হলিউডের নামী তারকারা। এর আগে, ব্যাড বানি ২০২২ সালে বুলেট ট্রেন ও ২০২৫ সালে হ্যাপি গিলমোর টু সিনেমায় অভিনয় করেন। সেখানে অবশ্য তাকে দেখা গেছে পার্শ্বচরিত্রে। এবারই প্রথম কোনো সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ৩১ বছর বয়সী এই তারকাকে; তার আসল নাম বেনিতো আনতোনিও মার্তিসেন ওকাসিও।
‘পোর্তো রিকো’ সিনেমাটির কাজ শুরু হয়েছে ২০২৩ সালে। উনবিংশ শতকে পুয়ের্তো রিকোর বিপ্লবী হোয়াইট ঈগল হিসেবে পরিচিত হোসে মালদোনাদো রোমানের জীবন কাহিনী নিয়ে এই সিনেমার প্রাথমিক গল্প সাজানো হয়েছিল। তবে সিনেমাটি এখনও ওই কাহিনী নির্ভর করে তৈরি হচ্ছে কি না সেটি নিশ্চিত করতে পারেনি ডেডলাইন।
এক বিবৃতিতে রেসিদেনতে নতুন এই সিনেমাকে স্বপ্নপূরণের মত জানিয়ে বলেন, “ছোটবেলা থেকেই নিজ দেশকে নিয়ে সিনেমা তৈরির স্বপ্ন দেখে আসছি। পুয়ের্তো রিকোর আসল ইতিহাস নিয়ে অনেক বিতর্ক আছে। এই সিনেমাটিতে সততা ও গুরুত্বের সঙ্গে আমাদের অতীতকে তুলে ধরা হবে।”
প্রথম স্প্যানিশ-ভাষী শিল্পী হিসেবে এবার সংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জিতে ইতিহাস গড়েছেন ব্যাড বানি। আলোচিত অ্যালবাম ‘ডেবি তিয়ার মাস ফোতোস’-এর জন্য এ পুরস্কার পান তিনি।

