ঝিনাইদহে হরিণাকুন্ডু উপজেলার এক কৃষকের ৭০ শতক জমির পান বরজে গভীর রাতে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
বালুরচর মাঠে গিয়ে দেখা যায়, পাটকাঠি ও তার দিয়ে ঘেরা বরজের ভেতরে সারিবদ্ধ পানগাছের গোড়া কেটে ফেলা হয়েছে, বহু গাছ উপড়ে পড়ে আছে। ৩৭ শতক পানক্ষেত সম্পূর্ণ কেটে নষ্ট করা হয়েছে এবং প্রায় ৩৫ শতকের পান ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দুই-তিন বছরের পরিশ্রমে গড়ে তোলা বরজ এক রাতেই ধ্বংস হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ইকবাল হোসেন বলেন, ঋণ করে এবং গরু বিক্রি করে এই বরজ করেছি। সন্ধ্যায় কিছু লোকের সঙ্গে কথাকাটাকাটি হয়। এরপর রাতেই এমন সর্বনাশ করা হয়েছে। আমি এ ঘটনার ন্যায়বিচার দাবি করছি।
উপজেলা কৃষি বিভাগ জানায়, হরিণাকুন্ডু উপজেলায় প্রায় ১ হাজার ৩০০ হেক্টর জমিতে পান চাষ হয় এবং এখানকার পান দেশ-বিদেশে সমাদৃত। এ ধরনের নাশকতায় চাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
হরিণাকুন্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হোক।

