যশোরের মণিরামপুরে নিষিদ্ধ চরমপন্থি সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা রানা প্রতাপ বৈরাগী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে রাজশাহীর তানোর উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
আটক দুইজন হলেন যশোরের অভয়নগর উপজেলার বারান্দি পালবাড়ি এলাকার মাহমুদ হাসান হৃদয় (২৮) ও বারান্দি পূর্বপাড়ার শামীম হোসাইন (৩১)। এ দুইজন হত্যাকাণ্ডের মূল শ্যুটার হিসেবে কাজ করেছিলেন বলে পুলিশের দাবি। তারা যশোর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে আদালত দুজনকেই কারাগারে পাঠিয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, নিহত রানা প্রতাপ বৈরাগী বিপ্লবী কমিউনিস্ট পার্টির মণিরামপুর উপজেলার আঞ্চলিক নেতা ছিলেন। অন্যদিকে আটক মাহমুদ হাসান হৃদয় ও শামীম হোসাইন আরেকটি নিষিদ্ধ চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য। দুই সংগঠনের কোন্দলের জের ধরে রানা প্রতাপ বৈরাগীকে গত ৫ জানুয়ারি হত্যা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ডিবি পুলিশ মামলাটির তদন্ত অব্যাহত রেখেছে। এ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আটকের চেষ্টা চলছে।

