ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ম্যাচ মানেই কথার লড়াই। নিজেদের ফেবারিট দল বেছে নেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। তবে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ভারতকে সতর্ক করে দিলেন রোহিত শর্মা।
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচে ভারতকে ফেবারিট মানতে নারাজ রোহিত। সেই সাথে সূর্যকুমার যাদবের দলকে তিনি পরামর্শ দিয়েছেন, যাতে বাবর আজম-সালমান আলী আগাদের হালকাভাবে না নেয়। পরিসংখ্যানকেও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এ ক্রিকেটার।
সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভারতের জয়। কোনোভাবেই চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারছে না পাকিস্তান। সবশেষ এশিয়া কাপে তিনবার, গত টি-টোয়েন্টি বিশ্বকাপ- প্রতিবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত। তারপরও পাকিস্তানকে হালকাভাবে নিতে মানা করছেন রোহিত।
তিনি বলেন, ‘প্রথমত বলি, ফেবারিট এই শব্দটায় আমার বিশ্বাস নেই। ফেবারিট বলে কিছু হয় না। এই ম্যাচটার আকর্ষণই আলাদা। দারুণ মজার। গত ১০ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাক ম্যাচে অনেক কিছু ঘটেছে। সব দলই এখন প্রচুর টি-টোয়েন্টি ক্রিকেট খেলে। মাঠে নামব আর জিতে ২ পয়েন্ট পাব, এ রকম ভেবে খেলা যায় না। ২ পয়েন্ট পেতে হলে নির্দিষ্ট দিনে আপনাকে ভালো ক্রিকেট খেলতেই হবে। না হলে খালি হাতেও ফিরতে হতে পারে।’
ভারত-পাকিস্তান ম্যাচে নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে তারাই জিতবে বলে মনে করেন রোহিত। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এ ক্রিকেটার বলেন, ‘আপনি অতীতে কী করেছেন সেটা আদৌ গুরুত্বপূর্ণ নয়। দল এখন কেমন খেলছে, ক্রিকেটারেরা ফর্মে আছে না নেই, এ সবের ওপর নির্ভর করে ফলাফল। এখন যে কোনও দল যে কোনও দলকে হারাতে পারে। তাই ভালো খেলতেই হবে। এটাই আসল। নির্দিষ্ট দিনের পারফরম্যান্সের ওপর সব কিছু নির্ভর করে।’

