নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে ভারত। কিন্তু শুরুটা ভালো হয়নি তাদের। মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত নারী দল। মাত্র ৩ রান করে আউট হন ওপেনার হুমাইরা কাজী। পরের উইকেটে নেমে ১ রান করেন তেজা হাসাবনিস। আর আরেক ওপেনার দিনেশ ভ্রিন্দার ব্যাট থেকে আসে ১৬ রান।
এরপর আসা যাওয়ার যোগ দেন মিডল অর্ডার ব্যাটাররা। একাই লড়াই করে যান আনুস্কা শর্মা। আর শেষদিকে দলীয় স্কোর কিছু রান যোগ করেন তানুজা কানওয়ার। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন আনুস্কা। আর কানওয়ারের ব্যাট থেকে আসে ৩৪ রান। বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
পরে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে ভারতের মেয়েরা। সংযুক্ত আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সামাইরা।
১৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪০ রান তোলে আমিরাত। ১০ রান করে ফেরেন ওপেনার থেরথা সাতিস। পরের উইকেটে নামা সামাইরাকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন ওপেনার ও দলনেতা এসা ওঝা। তাতেই জয়ের ভিত পেয়ে যায় তারা। পরে উইকেট হারালেও জয় নিয়েই মাঠ ছাড়েন ওঝা।
ফিফটি পূরণের পর এসা ওঝা অপরাজিত থাকেন ৭২ রানে। আর ১ বলে ৪ রান করে অপরাজিত থাকেন হেনা হটচান্দানি। ভারতের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন রাধা যাদব, প্রেমা রাওয়াত ও তানুজা কানওয়ার।

