হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক

0
হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক

পেটের সংক্রমণে দুই দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছাড়া পেয়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। তবে নামিবিয়ার বিপক্ষে তার খেলা নির্ভর করবে শারীরিক অবস্থার ওপর জানিয়েছেন সতীর্থ তিলক ভার্মা।

দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিষেক। বুধবার তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শনিবার দিল্লিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার মুখোমুখি হবে ভারত।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে তিলক বলেন,’দিল্লিতে পৌঁছানোর পর তার কিছু পরীক্ষা করা হয়েছিল। সে পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিল। আজ তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং সে ভালো আছে। ম্যাচের আগে আমাদের আরও একদিন সময় আছে। সে কেমন অনুভব করছে, তা দেখে আগামীকালের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম বলেই আউট হয়েছিলেন অভিষেক। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন তিনি। এরপর আর ফিল্ডিংয়ে নামেননি। ম্যাচ শেষে সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে জানান, পেটের সমস্যায় ভুগছেন অভিষেক এবং দ্রুত সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।

অভিষেক খেলতে না পারলে নামিবিয়ার বিপক্ষে ইনিংস শুরু করতে পারেন সাঞ্জু স্যামসন। ব্যক্তিগত ফর্মহীনতা এবং ইশান কিষানের ভালো পারফরম্যান্সের কারণে একাদশের বাইরে ছিলেন তিনি।

এদিকে জ্বরের কারণে প্রথম ম্যাচে না খেলা জাসপ্রিত বুমরাহ সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন। তিলক জানিয়েছেন,’বুমরাহ আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত। তবে চূড়ান্ত একাদশ নির্ধারণে আমাদের হাতে এখনও একদিন সময় আছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here