মোদি সরকার ভারতকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
বুধবার লোকসভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, ‘‘যদি ‘ইন্ডিয়া’ (বিজেপিবিরোধী জোট) ক্ষমতায় থাকত, তাহলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় দ্বিপাক্ষিক সমমর্যাদার প্রশ্নে আপস করত না। কিন্তু মোদির সরকার ভারতকে বিক্রি করে দিয়েছে। ভারতের মাটিতে মার্কিন পণ্যের অবাধ অনুপ্রবেশের অনুমতি দিয়ে দেশের কৃষকদের জীবন ও জীবিকাকে বিপন্ন করে তোলার বন্দোবস্ত করেছে। জ্বালানি নিরাপত্তা বন্ধক দিয়েছে আমেরিকার কাছে।” এটি প্রকৃতপক্ষে পাইকারি আত্মসমর্পণ বলেও মন্তব্য করেন তিনি।
লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট প্রস্তাবের উপর বিতর্কে রাহুল গান্ধী ট্রাম্প সরকারের কাছে মোদির ‘আত্মসমর্পণের’ ব্যাখ্যাও দিয়েছেন। তার এই বক্তব্যের সময় বরাবরের মতোই প্রবল বাধা দেওয়া হয়েছে ট্রেজারি বেঞ্চ থেকে।
রায়বরেলীর কংগ্রেস সাংসদের মন্তব্য, ‘‘কেন তিনি (মোদি) ভারতকে বিক্রি করেছেন, তার কারণ হল, তারা (আমেরিকা) তার শ্বাসরোধ করছে। তাদের ঘাড়ের উপর চেপে বসেছে।”
আইকিডো এবং জিউ-জিৎসুতে পারদর্শী রাহুল তার বক্তব্যের সমর্থনে মার্শাল আর্টের উপমা টেনে বলেন, “অনেক মার্শাল আর্টে প্রতিপক্ষকে পর্যুদস্ত করার কৌশল হল, ঘাড় চেপে শ্বাসরোধ করা।” আর সেই ‘শ্বাসরোধে’র উদাহণ দিতে গিয়ে ‘এপস্টেইন ফাইল’ প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে বাণিজ্য সমঝোতা সংক্রান্ত চুক্তির ঘোষণা করে শুল্কের পরিমাণ ২৫ থেকে কমিয়ে ১৮ করা এবং রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে অতিরিক্ত ২৫ শতাংশ ‘জরিমানা’ প্রত্যাহারের বার্তা দিয়েছিলেন। সেই সঙ্গে জানিয়েছিলেন, সমঝোতার শর্ত হিসেবে আমেরিকার কাছ থেকে ৫০,০০০ কোটি ডলার (৪৫ লাখ কোটি রুপিরও বেশি) মূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষি, কয়লা এবং অন্যান্য অনেক পণ্য কিনবে। ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া থেকে কেনা তেল ভারতের জ্বালানি নিরাপত্তার প্রধান মাধ্যম বলে বিশেষজ্ঞদের একাংশের দাবি। রাহুল বুধবার সে বিষয়টিকেই ইঙ্গিত করেছেন। পাশাপাশি, সংবাদ সংস্থা রয়টার্স প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, বাণিজ্য সমঝোতার শর্ত হিসেবে এবার মার্কিন কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যের জন্য দরজাও আংশিকভাবে খুলে দিতে চলেছে মোদি সরকার। সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য প্রিন্ট, টাইমস অব ইন্ডিয়া

