বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান

0
বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, আইসিসির সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনে পাকিস্তানের একমাত্র উদ্দেশ্য ছিল বাংলাদেশের প্রতি হওয়া ‘অবিচার’ সংশোধন করা এবং বাংলাদেশকে প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া।

চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিজেদের গ্রুপ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। গত ১ ফেব্রুয়ারি জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠেয় ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান। 

তবে কয়েক দিনের টানা আলোচনা এবং আইসিসি-পিসিবি-বিসিবির মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের পর সোমবার রাতে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় ইসলামাবাদ।

এরপর এক বিবৃতিতে আইসিসি জানায়, ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। একই সঙ্গে ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্বও দেওয়া হয়েছে বাংলাদেশকে।

মঙ্গলবার পেশোয়ারে সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেন, ‘বাংলাদেশ ছাড়া আমাদের আলোচনায় অন্য কোনো শর্ত ছিল না। আমাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের প্রতি হওয়া অবিচার দূর করা এবং তাদের সম্মান ফিরিয়ে দেওয়া।’

আইসিসি বোর্ডের ভোটে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে খেলতে বাংলাদেশ সরকার অনুমতি না দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। সে সময় এই সিদ্ধান্তকে ‘দ্বিমুখী নীতি’ বলে সমালোচনা করেছিলেন নাকভি।

এবার আইসিসির সঙ্গে বৈঠকে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করে নাকভি বলেন, ‘বাংলাদেশ যা চেয়েছে, সবই মেনে নেওয়া হয়েছে। আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। সরকারও সেই বিবেচনাতেই সিদ্ধান্ত নিয়েছিল। যখন স্বীকার করা হয়েছে যে বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে এবং তাদের দাবি মানা হয়েছে, তখনই আমরা আবার খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here