ভোটকেন্দ্রের তথ্য জানতে চার পদ্ধতি চালু করেছে ইসি

0
ভোটকেন্দ্রের তথ্য জানতে চার পদ্ধতি চালু করেছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে ভোটাররা এখন ঘরে বসেই দ্রুত ও নির্ভুলভাবে তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটাররা চারটি উপায়ে তাদের তথ্য সংগ্রহ করতে পারবেন। এরমধ্যে—১. ভোটাররা স্মার্টফোনের প্লে স্টোর (Play Store) বা অ্যাপ স্টোর (App Store) থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি (Smart Election Management BD) অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রদান করলে ভোটার নম্বর, ক্রমিক এবং কেন্দ্রের নাম ও ঠিকানা জানা যাবে।

২. যেকোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করে অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এক্ষেত্রে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে।

৩. মোবাইলের মেসেজ অপশনে গিয়ে পিসি (PC) লিখে স্পেস দিয়ে এনআইডি (NID) নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমেই ভোটার তার কাঙ্ক্ষিত তথ্য পেয়ে যাবেন।

৪. ইসির অফিশিয়াল ওয়েবসাইট (ecs.gov.bd)থেকে ‘ভোটকেন্দ্র’ মেনুতে গিয়ে দুইভাবে তথ্য পাওয়া যাবে। প্রথমত, নির্বাচনি এলাকা ও উপজেলা অনুযায়ী কেন্দ্রের তালিকা দেখে। দ্বিতীয়ত, এনআইডি ও জন্ম তারিখ ইনপুট দিয়ে। এছাড়া গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রের অবস্থান ও যাতায়াতের পথ দেখার সুবিধাও রয়েছে এতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here