জাপানে অনুষ্ঠিত হওয়া আগাম নির্বাচনের ভোটগ্রহণে ক্ষমতাসীন দল এলডিপি বিশাল ব্যাবধানে বিজয়ী হতে যাচ্ছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচি দলীয় নেতা হওয়ার মাত্র চার মাস পরই জনগণের কাছ থেকে স্পষ্ট ম্যান্ডেট চাইতেই এই নির্বাচনের আয়োজন করেছেন।
বুথফেরত জরিপ অনুযায়ী, তাকাইচির দল নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনের জন্য ১ হাজার ২৮৪ প্রার্থী লড়াই করছেন। এর মধ্যে এলডিপি ২৭৪ থেকে ৩২৮টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সানাই তাকাইচির দলের আসন সংখ্যা ছিল ১৯৮টি। ধারণা করা হচ্ছে নির্বাচনে তার দল এলডিপি কমপক্ষে ৩১০টি আসনে জয় লাভ করবে। এর আগে গত ২৩ জানুয়ারি দেশটির সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। ওই সময় তিনি ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তাকাইচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী।
গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও তার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সংসদে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু তিনি শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা চাইছিলেন। এর ফলশ্রুতিতে ক্ষমতা গ্রহণ করেই আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী তাকাইচির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে মূল লড়াই হচ্ছে জাপান ইনোভেশন পার্টির।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সময় ধরে জাপানে এলডিপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় রয়েছে, যার অন্যতম কারণ শক্তিশালী বিরোধী দলের অভাব। দেশটিতে আজকের নির্বাচনে ভোটগ্রহণ চলে স্থানীয় সময় রাত ৮টা (বাংলাদেশ সময় বিকাল ৫টা) পর্যন্ত। ভোট গণনা শেষ হতে হতে সারারাত লাগতে পারে।
সংসদের নিম্নকক্ষের মোট ৪৬৫টি আসনের মধ্যে ২৮৯ জন সদস্য সরাসরি একক নির্বাচনি এলাকা থেকে এবং বাকি ১৭৬ জন সদস্য ১১টি আঞ্চলিক ব্লকের মাধ্যমে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হবেন।
বিভিন্ন জরিপ থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী তাকাইচির ক্ষমতাসীন এলডিপিই সংসদের সর্বোচ্চ আসনে জয়ী হতে পারেন।

