গুলবাদিন ঝলকে কিউইদের চ্যালেঞ্জিং টার্গেট দিল আফগানিস্তান

0
গুলবাদিন ঝলকে কিউইদের চ্যালেঞ্জিং টার্গেট দিল আফগানিস্তান

গুলবাদিন নাইবের ব্যাটে ঝলক আর শেষভাগের দ্রুত রানে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ মিশনের শুরুতেই আত্মবিশ্বাসী বার্তা দিল আফগানিস্তান। রবিাবর এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াকু সংগ্রহ গড়ে দলটি।

টস জিতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। শুরুতে রানের গতি ছিল নিয়ন্ত্রিত। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান প্রথম পাঁচ ওভারে যোগ করেন ৩৫ রান। তবে লকি ফার্গুসনের টানা দুই আঘাতে দ্রুত ছন্দ হারায় আফগানরা। জাদরান ১০ ও গুরবাজ ২৭ রানে ফিরে গেলে চাপ বাড়ে।

ঠিক তখনই দায়িত্ব নেন গুলবাদিন নাইব। সেদিকউল্লাহ আতালের সঙ্গে গড়ে তোলেন ৭৯ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা ইনিংসের গতি পুরোপুরি বদলে দেয়। আতাল ২৯ রান করে বিদায় নিলেও নাইব থামেননি। দারবিশ রাসুলির সঙ্গে আরও ৩৩ রান যোগ করে আফগানদের বড় সংগ্রহের পথে এগিয়ে নেন তিনি।

১৮তম ওভারে রাচিন রবীন্দ্রর বলে আউট হওয়ার আগে ৩৫ বলে ৬৩ রানের ঝলমলে ইনিংস খেলেন নাইব। চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল তার ব্যাটিং প্রদর্শনী। পরের ওভারেই ম্যাট হেনরির বলে ফিরে যান রাসুলি (২০)।

শেষদিকে মোহাম্মদ নবী ও আজমতুল্লাহ ওমরজাইয়ের ছোট কিন্তু কার্যকর জুটি ম্যাচের রং আরও গাঢ় করে। মাত্র ১১ বলে ১৮ রান তুলে আফগানিস্তানকে পৌঁছে দেন ১৮২ রানে।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে লকি ফার্গুসন ছিলেন সবচেয়ে উজ্জ্বল। ৪ ওভারে ৪০ রান দিয়ে নেন ২ উইকেট। এ ছাড়া জ্যাকব ডাফি, ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট শিকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here