‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’-এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনামিকা নজরুল।
এ সময় নওগাঁ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ এর সভাপতিত্বে সমাজসেবা অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট সাবেরা সুলতানা আল আমান্না, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসময় বক্তারা সবক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীসহ সব প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। জেলায় বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন তারা।
আলোচনা সভা শেষে ৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

