চলতি মৌসুমে সব শিরোপা জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করল আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্ব শীর্ষে শেষ করা এবং লিগ কাপে ফাইনাল নিশ্চিত করার পর প্রিমিয়ার লিগেও দাপুটে পারফরম্যান্স অব্যাহত রেখেছে মিকেল আর্তেতার দল। সর্বশেষ ম্যাচে সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে লিগ শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল গানাররা।
শনিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে মার্টিন জুবিমেন্দির দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সের ঠিক বাইরে থেকে লিয়ান্দ্রো ত্রোসার্ডের পাস পেয়ে নেওয়া তার জোরালো শটটি পোস্টে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা চাপের মুখে পড়লেও বদলি নামা ভিক্টর গিওকারেস ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। ৬০ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের বদলি হিসেবে মাঠে নামা এই সুইডিশ ফরোয়ার্ড মাত্র ছয় মিনিটের মধ্যেই কাই হাভার্টজের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আর্সেনালের বড় জয় নিশ্চিত করেন তিনি।
এই জয়ের ফলে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। অপরদিকে ২৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে সান্ডারল্যান্ড।
পরিসংখ্যানে বল দখলে সমানতালে থাকলেও আক্রমণের কার্যকারিতায় পিছিয়ে পড়ে সফরকারীরা। আর্সেনাল ১৬টি শটের পাঁচটি লক্ষ্যে রাখলেও সান্ডারল্যান্ড পাঁচটি শটের মধ্যে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারে।
এই জয়ের মাধ্যমে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্সেনাল।

