মালদ্বীপের বেসামরিক বিমান চলাচল মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

0
মালদ্বীপের বেসামরিক বিমান চলাচল মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ-মালদ্বীপ সরাসরি শিপিং ও হালাল খাদ্য শিল্পে অংশীদারিত্ব সম্প্রসারণে অগ্রগতির লক্ষ্যে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ সরকারের  হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম দেশটির পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী মোহাম্মদ আমিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে সরাসরি শিপিং সংযোগ এবং হালাল খাদ্য শিল্পে সহযোগিতার সম্ভাবনা বিশেষ গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

বৈঠকে উভয় পক্ষ অর্থনৈতিক ও পরিবহন সংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন, যা বাণিজ্য সহজীকরণ, বাজার সম্প্রসারণ এবং টেকসই সরবরাহ ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে। সরাসরি শিপিং ব্যবস্থা প্রতিষ্ঠা হলে পণ্য পরিবহনে সময় ও ব্যয় হ্রাস পাবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে উভয়পক্ষ অভিমত ব্যক্ত করেন।

মন্ত্রী মোহাম্মদ আমিন সরাসরি শিপিং উদ্যোগে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং জানান যে, এটি পণ্য পরিবহন সহজীকরণ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তিনি কার্গো পরিবহনের ক্ষেত্রে মালদ্বীপের বিমানবন্দর ও সামুদ্রিক অবকাঠামো ব্যবহারের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে অবদান স্বীকার করে মন্ত্রী অতীতের এক সংকটকালে বাংলাদেশ কর্তৃক সুপেয় পানি সরবরাহ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, যা দুই দেশের গভীর বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, পরিবহন ও বাণিজ্য সংক্রান্ত সকল উদ্যোগ জাতীয় নীতিমালা ও উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হবে। হাইকমিশনার আগামী মার্চ ২০২৬ থেকে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদিভিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে পুনরায় ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানান, যা যোগাযোগ বৃদ্ধি ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে সহায়ক হবে।

বৈঠকের শেষে উভয়পক্ষ সরাসরি শিপিং, বাণিজ্য সহজীকরণ, হালাল খাদ্য শিল্পে অংশীদারিত্ব এবং পরিবহন সহযোগিতা জোরদারে পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here