যুক্তরাষ্ট্রকে হারিয়ে ভারতের বিশ্বকাপ মিশন শুরু

0
যুক্তরাষ্ট্রকে হারিয়ে ভারতের বিশ্বকাপ মিশন শুরু

সহজ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২৯ রানে হারিয়েছে স্বাগতিকরা।

১৬২ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে যুক্তরাষ্ট্র। মাত্র ১৩ রান তুলতেই তিনটি উইকেট হারিয়ে বসে তারা। এরপর মিলিন্দ কুমার, সঞ্জয় কৃষ্ণমূর্তি ও শুভাম রাঞ্জানে কিছুটা প্রতিরোধ গড়লেও কখনোই জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি দলটি।

মিলিন্দ কুমার ৩৪ বলে ৩৪, সঞ্জয় কৃষ্ণমূর্তি ৩১ বলে ৩৭ এবং শেষ দিকে শুভাম রাঞ্জানে ২২ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেললেও পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছু করতে পারেননি। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ নেন ৩টি উইকেট, আর অক্ষর প্যাটেল ও আর্শদিপ সিং নেন দুটি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে বড় বিপদেই পড়ে ভারত। টস জিতে যুক্তরাষ্ট্র ভারতকে ব্যাটিংয়ে পাঠালে শুরুতেই গোল্ডেন ডাকে ফেরেন অভিষেক শর্মা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

ইশান কিশান ১৬ বলে ২০ এবং তিলক ভার্মা ১৬ বলে ২৫ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। শাদলে ফন শকউইকের একই ওভারে ইশান, তিলক ও শিভাম দুবে আউট হলে মাত্র ৫ বলের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চরম চাপে পড়ে ভারত। রিঙ্কু সিং ও হার্দিক পান্ডিয়াও অল্প রানেই ফিরে যান। এক পর্যায়ে ৭৭ রানে ৬ উইকেট হারায় ভারত।

সেই সংকটময় মুহূর্তে দলকে উদ্ধার করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি অপরাজিত থাকেন ৪৯ বলে ৮৪ রানে। তার ইনিংসটি ছিল ১০টি চার ও ৪টি ছক্কায় সাজানো। অক্ষর প্যাটেল ১১ বলে ১৪ রান করে তাকে কিছুটা সঙ্গ দেন।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ভারত। যুক্তরাষ্ট্রের হয়ে শাদলে ফন শকউইক ২৫ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here