স্ত্রীর স্মৃতিতে গড়া মসজিদ, উদ্বোধনের আগেই চিরবিদায় স্বপ্নদ্রষ্টার

0
স্ত্রীর স্মৃতিতে গড়া মসজিদ, উদ্বোধনের আগেই চিরবিদায় স্বপ্নদ্রষ্টার

মুন্সীগঞ্জে মৃত স্ত্রীর ইচ্ছে পূরণে স্ত্রীর গহনা ও সম্পদ বিক্রি করে মসজিদ নির্মাণ শুরু করেছিলেন শেখ লুৎফর রহমান। দীর্ঘ দিন অক্লান্ত পরিশ্রমের পর সুন্দর মসজিদ নির্মাণ হলেও মসজিদে নামাজ চালু হওয়ার আগেই মৃত্যুবরণ করলেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ সদর উপজেলার মধ্য শুয়াপাড়া গ্রামে জুমার নামাজের আগে “তাকওয়া জামে” মসজিদটি উদ্বোধন করেন জৈনপুরী পীর সাহেব আল্লামা সৈয়দ মাহবুব রহমান জৈনপুরী। এসময় মরহুমের ভাই, ছেলে ও নাতি ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয় ও পরিবারে তথ্য সূত্রে জানা যায়, সদর উপজেলার বজ্রযোগীনির মধ্য শুয়াপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান তার মৃত স্ত্রী মুসলিমা বেগমের ইচ্ছে পূরণে স্ত্রীর গহনা ও নিজের সম্পদ বিক্রি করে মসজিদ নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু মসজিদ নির্মাণ প্রায় শেষের দিকে গত বছরের ১৭ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। পরে লুৎফর রহমানের ছেলেরা মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেন। ৬ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের আগে দেশবরেণ্য আলেম জৈনপুরী পীর সাহেব আল্লামা সৈয়দ মাহবুব রহমান লুৎফর রহমানের ছেলে ও গ্রামবাসীকে সঙ্গে মসজিদে নামাজের উদ্বোধন করেন।

এসময় স্থানীয় এক যুবক জানান, মসজিদ নির্মাণ ভালো কাজ। মুসল্লিদের নামাজের জন্য একটি সুন্দর মসজিদ নির্মাণ করেছেন। তাছাড়া এই মসজিদে আলাদাভাবে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে এটাও প্রশংসনীয় কাজ। আমরা তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করি।

স্থানীয় কয়েকজন নারী বলেন, মহিলাদের জামাতে নামাজের ব্যবস্থা করায় আমরা খুশি। যারা এই মসজিদ নির্মাণ করেছেন তাদের জন্য আমরা দোয়া করি। 

লুৎফর রহমান ছেলে গোলাম রাব্বানী শান্ত বলেন, আমার বাবা মায়ের গহনা বিক্রি করে মসজিদ নির্মাণ কাজ শুরু করেছিলেন। তার অনেক ইচ্ছে ছিল তিনি এই মসজিদে নামাজ পড়বেন। আজকে মসজিদে নামাজ শুরু হলো কিন্তু তিনি দেখে যেতে পারলেন না। আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে মাফ করে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here