পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন এরফানুল হক

0
পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন এরফানুল হক

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত সচিব মো. এরফানুল হক।

গত বৃহস্পতিবার তিনি এই পদে দায়িত্বভার গ্রহণ করেন বলে আজ শনিবার পেট্রোবাংলা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেট্রোবাংলায় যোগদানের আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা।

তিনি ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সরকারি চাকরিতে যোগদান করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেন।

মো. এরফানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংশ্লিষ্ট সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here