ফাইনালে উঠতে পারলেন না বাংলাদেশের দ্রুততম মানব ইমরান

0
ফাইনালে উঠতে পারলেন না বাংলাদেশের দ্রুততম মানব ইমরান

এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠতে পারলেন না বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। মাত্র ০.০১ সেকেন্ডের ব্যবধানে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাকে।

সেমিফাইনালে মোট তিনটি হিট অনুষ্ঠিত হয়। প্রতিটি হিট থেকে প্রথম দুইজন এবং তিন হিট মিলিয়ে সেরা আরও দুইজন ফাইনালে জায়গা পান। ইমরান সেমিফাইনালে ৬.৭৫ সেকেন্ড টাইমিং নিয়ে সামগ্রিকভাবে নবম হন, ফলে ফাইনালের টিকিট হাতছাড়া হয়।

এর আগে প্রাথমিক পর্বে ৬.৭৩ সেকেন্ড টাইমিং করে সেমিফাইনালে উঠেছিলেন ইমরান। তবে সেমিফাইনালে আরও ভালো টাইমিংয়ের প্রয়োজন থাকলেও সেখানে তার সময় কিছুটা বেড়ে যায়। নিজ হিটে তৃতীয় হওয়ায় অন্য দুই হিটের ফলাফলের ওপর নির্ভর করতে হয় তাকে।

অন্য দুই হিটের ফল ইমরানের পক্ষে আসেনি। তার হিটে দ্বিতীয় হওয়া চীনের জিন জিয়ান ৬.৭৪ সেকেন্ড টাইমিং নিয়ে অষ্টম হয়ে ফাইনালে জায়গা করে নেন। আর ইমরান মাত্র ০.০১ সেকেন্ড পিছিয়ে সেমিফাইনাল থেকেই ছিটকে পড়েন।

উল্লেখ্য, ২০২৩ সালে কাজাখস্তানে ৬০ মিটার স্প্রিন্টে ৬.৫৯ সেকেন্ড টাইমিং করে স্বর্ণ জিতেছিলেন ইমরান। সে আসরে প্রতিটি ধাপেই টাইমিং উন্নত করেছিলেন তিনি। পরের বছর তেহরানে ফাইনাল খেললেও পদক জেতা হয়নি। এবার ফাইনালেই উঠতে পারলেন না।

চীন থেকে ফেডারেশনকে পাঠানো এক বার্তায় ইমরান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি পারলাম না, এ জন্য দুঃখিত। প্রায় দুই বছর আন্তর্জাতিক প্রতিযোগিতার বাইরে ছিলাম। এখানে ভালো কিছু করার চেষ্টা করেছি। সামনে আরও ভালো করার আশা রাখছি, সবার সমর্থন চাই।’

এদিকে, এবারের আসরে ইমরানের ওপর ভরসা করেই মাত্র একজন অ্যাথলেট পাঠিয়েছিল বাংলাদেশ। ফলে এবারের এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে বাংলাদেশ পদকশূন্য থাকছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here