জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), বাংলাদেশ-এর চীফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তমোহাইডে বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।
বারি সদর দপ্তরের সামনে পৌঁছালে তাকে স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা। পরে মহাপরিচালকের সভাকক্ষে মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (তৈলবীজ) ড. মো. মন্জুরুল কাদির। ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মহাপরিচালকের দপ্তর) ড. মো. বজলুর রহমান সংক্ষেপে বারির বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন।
পরিদর্শনের অংশ হিসেবে মি. ইচিগুচি বারির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা ক্ষেত্র ঘুরে দেখেন এবং ইনস্টিটিউটের কার্যক্রম ও অর্জন দেখে সন্তোষ প্রকাশ করেন।

