ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের নতুন তথ্যচিত্র নিয়ে ফক্স নিউজের করা মন্তব্যের কড়া সমালোচনা করেছেন জনপ্রিয় মার্কিন টক-শো সঞ্চালক জিমি কিমেল। তিনি রসিকতা করে বলেছেন, যদি মেলানিয়ার এই তথ্যচিত্র অস্কারের জন্য মনোনীত হয়, তবে ২০২৭ সালের অস্কার অনুষ্ঠান তিনি নিজেই উপস্থাপনা করবেন—তাকে কেউ আমন্ত্রণ জানাক বা না জানাক।
গত ২ ফেব্রুয়ারি নিজের জনপ্রিয় শো ‘জিমি কিমেল লাইভ’-এ মনোলগ দেওয়ার সময় কিমেল এই ঘোষণা দেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে মেলানিয়া ট্রাম্পের জীবন ও ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ঠিক আগের ২০ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মেলানিয়া’। সিনেমাটি মুক্তি পাওয়ার পর ফক্স নিউজের উপস্থাপক কেইলি ম্যাকানি দাবি করেন, এই তথ্যচিত্রের অস্কার মনোনয়ন পাওয়া উচিত। তিনি আরও বলেন, মেলানিয়া যদি অস্কারে যান, তবে তিনিই হবেন সেরা পোশাকধারী নারী।
এই মন্তব্যের রেশ ধরেই কিমেল দর্শকদের হাসিতে ভাসিয়ে বলেন, কথাগুলো লিখে রাখুন, যদি ‘মেলানিয়া’ অস্কার মনোনয়ন পায়, তবে আমিই সেই শো হোস্ট করব। তারা আমাকে বলুক বা না বলুক, আমি সেখানে উপস্থাপনা করার জন্য জেদ ধরব।
জিমি কিমেল ও ডোনাল্ড ট্রাম্পের বৈরিতা নতুন কিছু নয়। এর আগে ২০২৪ সালের অস্কার চলাকালীন কিমেল মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্পের একটি ট্রুথ সোশ্যাল পোস্ট পড়ে শুনিয়েছিলেন, যেখানে ট্রাম্প কিমেলকে ‘অস্কারের ইতিহাসের সবচেয়ে খারাপ উপস্থাপক’ বলে কটাক্ষ করেছিলেন। জবাবে কিমেল বলেছিলেন, ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প, অস্কার দেখার জন্য। আমি অবাক হচ্ছি যে আপনি এখনো জেগে আছেন—আপনার কি এখন জেলে থাকার সময় নয়?
কিমেল এই তথ্যচিত্রটিকে অ্যামাজনের পক্ষ থেকে দেওয়া একটি ‘৭৫ মিলিয়ন ডলারের ঘুষ’ হিসেবে অভিহিত করেছেন। বক্স অফিসে সিনেমাটির ৭ মিলিয়ন ডলার আয়কে বিদ্রূপ করে তিনি বলেন, গত ১০ বছরের মধ্যে এটি কোনো মিউজিক্যাল নয় এমন ভ্যানিটি প্রজেক্ট বা করপোরেট ঘুষের তালিকায় সেরা ওপেনিংয়ের রেকর্ড গড়েছে।
রোটেন টমেটো রেটিংয়ের প্রসঙ্গ টেনে কিমেল বলেন, সেখানে সিনেমাটির স্কোর মাত্র ৭%, কিন্তু ফক্স নিউজে এটি ১০০% নম্বর পেয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে শেষবার অস্কার উপস্থাপনা করেছিলেন কিমেল। গত বছর এবং আগামী মার্চে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের অস্কার আসরের দায়িত্ব সামলাচ্ছেন আরেক জনপ্রিয় সঞ্চালক কোনান ও’ব্রায়েন। এখন দেখার বিষয়, ২০২৭ সালে মেলানিয়ার অস্কার ভাগ্য কিমেলকে সত্যিই মঞ্চে ফেরায় কি না।
সূত্র: ভ্যারাইটি

