গ্রন্থাগার দিবসে গাইবান্ধায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ

0
গ্রন্থাগার দিবসে গাইবান্ধায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা প্রশাসন ও জেলা গণগ্রন্থাগারের উদ্যোগে গণগ্রন্থাগার চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়।

‘জ্ঞানই মুক্তি, আগামীর ভিত্তি’— প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে শুরুতেই পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। এরপর একটি র‌্যালি গণগ্রন্থাগার চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আমির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক হারুন অর রশিদ, অধ্যাপক নাসরিন সুলতানা রেখা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদের সভাপতি নাবির আহমেদ।

বক্তারা বলেন, ‘গ্রন্থাগার হলো জাতির জ্ঞানভাণ্ডার। এটি কেবল বই পড়ার স্থান নয়, গবেষণার প্রসারেও অপরিসীম গুরুত্ব বহন করে। তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ অনুষ্ঠানে বই পড়ার গুরুত্ব এবং ডিজিটাল গ্রন্থাগার ব্যবস্থার প্রসার নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

এতে জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক, সাহিত্যপ্রেমী এবং গ্রন্থাগার ব্যবহারকারীসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here