মাঝ আকাশে ইঞ্জিনে আগুন লাগার আশঙ্কায় তুর্কিশ এয়ারলাইন্সের একটি বিমান কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
জানা গেছে, ২৩৬ জন যাত্রী নিয়ে নেপালের কাঠমান্ডু থেকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করছিল তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। উড়োজাহাজটির ডানদিকের ইঞ্জিনে আগুন লাগার সম্ভাবনার সংকেত পেয়ে পাইলট কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান।
এটিসির নির্দেশনা অনুযায়ী বুধবার দুপুর আনুমানিক ২টা ৪৯ মিনিটে বিমানটি নিরাপদে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বর্তমানে বিমানটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
পাইলট ও কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।

