হবিগঞ্জের বাহুবলে চাঞ্চল্যকর টমটম চালক কাশেম (৩৩) হত্যা মামলার মূল আসামি এমরান মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে পিবিআই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। গ্রেফতারকৃত এমরান মিয়া বাহুবল উপজেলার লামাতাসি গ্রামের দরবেশ আলীর ছেলে।
পিবিআই জানায়, চাঞ্চল্যকর টমটম চালক কাশেম (৩৩) হত্যা মামলাটি ছায়া তদন্ত শেষে ২০২৫ সালের ১০ আগস্ট পিবিআইয়ের কাছে তদন্তের দায়িত্ব হস্তান্তর করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ তদন্ত চালানো হয়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সদর উপজেলার ধুলিয়াখাল পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক অবস্থায় থাকা আসামি এমরান মিয়াকে গ্রেফতার করে পিবিআইয়ের একটি আভিযানিক দল। অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল।
তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল জানান, সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে আসামি এমরান মিয়া সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সিলেটসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
তিনি আরও জানান, এ মামলায় এর আগে এমরানের সহযোগী ফারুককে গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে কাশেম হত্যাকাণ্ডে এমরান মিয়ার সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পিবিআই এমরানের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

