দলবদল নিয়ে আলোচনা চলছিল কিছুদিন ধরেই। কিন্তু চুক্তির কিছু জটিলতায় আনুষ্ঠানিক ঘোষণা আসছিল না। অবশেষে সেই অনিশ্চয়তা কেটে গেছে। আবার ইউরোপের ক্লাব ফুটবলে ফিরছেন এনগোলো কঁতে। আল-ইত্তিহাদ থেকে এই মিডফিল্ডার পাড়ি জমিয়েছেন ফেনারবাচেতে।
তুরস্কের ক্লাবটি সামাজিক মাধ্যমে বুধবার স্বাগত জানা কঁতেকে। এই ক্লাবে ফরাসি তারকার চুক্তি ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত। মূলত ফেনারবাচের ইউসেফ এন-নেসিরির সঙ্গে কঁতেকে অদলবদল করেছে আল-ইত্তিহাদ। কারিম বেনজেমা আল-হিলালে চলে যাওয়ার পর বিকল্ড ফরোয়ার্ড খুঁজছিল আল-ইত্তিহাদ। কঁতেকে ছেড়ে দিয়ে ফেনারবাচে থেকে এন-নেসিরিকে দলে নিয়েছে তারা।
ফেনারবাচে বলেছে, ‘লাইক ফর লাইক’ দলবদলের ক্ষেত্রে ফিফার ট্রান্সফার ম্যাচিং সিস্টেমের প্রাসঙ্গিক তথ্য দিতে ভুল করেছে আল-ইত্তিহাদ। শেষ পর্যন্ত সেই জটিলতা কাটিয়ে আড়াই বছর পর ইউরোপিয়ান ফুটবলে ফিরছেন কঁতে।
২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির রূপকথার শিরোপা জয়ে বড় অবদান ছিল কঁতের। পরের মৌসুমে চেলসিতে পাড়ি জমিয়েও জিতে নেন তিনি লিগ শিরোপা। চেলসির জার্সিতে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, এফএ কাপ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।
সাত বছর চেলসিতে কাটিয়ে ২০২৩ সালে তিনি নাম লিখিয়েছিলেন আল-ইত্তিহাদে। গত মৌসুমে সৌদি ক্লাবটির হয়ে তিনি জেতেন ঐতিহাসিক ডাবল। ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ শিরোপা জয়ে তার ছিল বড় অবদান। গত বিশ্বকাপ তিনি খেলতে পারেননি চোটের কারণে। সব ঠিকঠাক থাকলে এই বছরের বিশ্বকাপে আবার ফ্রান্সের ভরসা হবেন ৩৪ বছর বয়সী মিডফিল্ডার।

