মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি পাকিস্তানি রিভলবার, পাঁচটি ককটেল বোমা, একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা ও কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মানিকগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ বাজার–সংলগ্ন একটি সেতুর নিচে যৌথবাহিনী ও পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে এসব অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপন করে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমাটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম নিষ্ক্রিয় করে ধ্বংস করেছে। বাকি অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযানে সেনাবাহিনীর ৫৪ জন ও পুলিশের ২১ জন সদস্য অংশ নেন।

