টি-টোয়েন্টিতে উমর গুলের পাশে নওয়াজ

0
টি-টোয়েন্টিতে উমর গুলের পাশে নওয়াজ

পাকিস্তানের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ নওয়াজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেট নিয়ে তিনি দেশটির সাবেক পেসার উমর গুলের দীর্ঘদিনের রেকর্ডে ভাগ বসিয়েছেন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নওয়াজের দুর্দান্ত বোলিংয়ে রেকর্ড ১১১ রানের ব্যবধানে জয় পায় পাকিস্তান। চার ওভারে মাত্র ১৮ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। এটি ছিল তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার। এর আগে গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজে প্রথমবার পাঁচ উইকেট নিয়েছিলেন নওয়াজ।

এই পারফরম্যান্সের মধ্য দিয়ে পাকিস্তানের হয়ে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ দুইবার করে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিতে এখন যৌথভাবে শীর্ষে আছেন উমর গুল ও মোহাম্মদ নওয়াজ।

এই তালিকায় এরপর রয়েছেন উদীয়মান স্পিনার সুফিয়ান মুকিম, পেসার হাসান আলী এবং অবসরপ্রাপ্ত অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তাদের প্রত্যেকের নামের পাশে রয়েছে একবার করে পাঁচ উইকেট শিকারের কীর্তি।

তবে একটি দিক থেকে এখনও এগিয়ে আছেন উমর গুল। তিনি মাত্র ৬০ ইনিংসেই দুইবার পাঁচ উইকেট নিতে পেরেছিলেন, যেখানে একই কীর্তি গড়তে নওয়াজকে খেলতে হয়েছে ৮৬ ইনিংস। অর্থাৎ, গুলের তুলনায় নওয়াজের লেগেছে ২৬ ইনিংস বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here